রাঙামাটির বিভিন্ন উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাইদুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী বাজার থেকে তাকে আটক করে চন্দ্রঘোনা থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনএসআই সদস্য পরিচয়ে কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের মেসার্স কাজী রাসেল অ্যান্ড ব্রাদার্স নামের একটি দোকান থেকে চাঁদা আদায় করতেন সাইদুর রহমান। গত চার মাস ধরে ওই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মাসে ১০ হাজার টাকা করে নিয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে আবারও টাকা নিতে গেলে দোকানমালিকের সন্দেহ হয়। পরে তিনি চন্দ্রঘোনা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাচাই-বাছাই করে সাইদুরকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সাইদুর নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে গত চার মাস ধরে ওই দোকান থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি বিভিন্ন ধরনের হুমকি দিতেন।
জানা গেছে, আটক সাইদুর রহমানের বাবার নাম মো. বাদশা মিয়া এবং মায়ের নাম মোছা. ছকিনা বেগম। তার বর্তমান ঠিকানা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাট এলাকায়। তবে তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়ার স্থায়ী বাসিন্দা।
অভিযোগ রয়েছে, রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর বাজারসহ বিভিন্ন বাজারেও এনএসআই পরিচয়ে চাঁদা দাবি করতেন সাইদুর। প্রত্যাশিত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের হুমকি দিতেন তিনি।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাইখালী বাজার থেকে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
প্রতিনিধি/এসএস




