রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ায় খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজন। পরে গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য তিনজন পালিয়ে গেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় খ্যাংদং পাড়ার ব্যাপ্টিস্ট চার্চে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ার ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখান দুই ব্যক্তি। এ সময় তারা ঘরের আলমারি থেকে নগদ ২ লাখ টাকা ও তিনটি স্বর্ণের আংটি নিয়ে যান।
হেনা ত্রিপুরার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মো. রফিক নামের একজনকে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সঙ্গে থাকা মো. আকাশ (২৪) নামের আরেক ব্যক্তি একটি স্বর্ণের আংটি ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় আরও দুজন পাহারায় ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তারাও পালিয়ে যান।
এদিকে আটক রফিককে স্থানীয় উত্তেজিত জনতা মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রফিক রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া আবাসিক মুসলিম পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। পলাতক মো. আকাশ একই ইউনিয়নের সুফিপুর গ্রামের আলী করিমের ছেলে। অন্য দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
চন্দ্রঘোনা থানা-পুলিশ জানায়, ডাকাতির ঘটনায় জড়িত চারজনের মধ্যে একজনকে চার্চের লোকজন হাতেনাতে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার কাছ থেকে প্রায় পাঁচ তোলা ওজনের দুটি স্বর্ণের আংটি, যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা, এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল জব্দ করে। এ সময় উপস্থিত লোকজনের মারধরে রফিক গুরুতর আহত হন। পরে চার্চের লোকজন তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর একজন ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পাহারায় থাকা অন্য দুজনও পালিয়ে যান।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, বাঙালহালিয়ার ব্যাপ্টিস্ট চার্চে ডাকাতির ঘটনায় একজন গণপিটুনিতে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




