বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না, তা জানতে চেয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।

এর আগে মাধবপুর ইউনিয়নের চারিপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত এক সালিশ বৈঠকে ওই নারীকে নির্যাতনের ঘটনা ঘটে। চারিপাড়া গ্রামের বিল্লাল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রবাসী স্বামীর সংসারে থাকা ওই নারীর সম্পর্ক রয়েছে—এমন অভিযোগে স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সালিশে উপস্থিত শত শত মানুষের সামনে ২৪ থেকে ২৫ বছর বয়সী ওই নারীকে মাটিতে বসিয়ে জুতাপেটা করছেন ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন। একপর্যায়ে তিনি ওই নারীর মাথা নিচের দিকে চেপে ধরে পেটে জুতা দিয়ে আঘাত করেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ও দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, শত শত মানুষের সামনে একজন নারীর ওপর এমন নির্যাতন চালানো হলেও কেউ বাধা দেওয়ার সাহস পাননি। এ ধরনের সালিশে শাস্তি দেওয়ার ক্ষমতা চেয়ারম্যানকে কে দিয়েছে, সেই প্রশ্নও তোলেন তারা।

এ ঘটনায় গত ৮ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৮ আগস্ট ২০২৬ তারিখে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সালিশে নারীকে প্রহারের ঘটনাটি তদন্তে প্রমাণিত হয়েছে। চেয়ারম্যানের এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর পরিপন্থী এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত।

একই দিনে পৃথক স্মারকে চেয়ারম্যান ফরিদ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কেন তাকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব জেলা প্রশাসকের মাধ্যমে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম বলেন, ‘আমার কাছে এ ধরনের একটি চিঠি এসেছে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর