বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

চিকিৎসককে মারধরের পর ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, যুবদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০১:২৩ এএম

শেয়ার করুন:

চিকিৎসককে মারধরের পর ছাত্রলীগ নেতার বাড়িতে আশ্রয়, যুবদল নেতা গ্রেফতার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চিকিৎসককে মারধরের ঘটনার পর থেকেই ইমরান খান সালামকে গ্রেফতার করতে অভিযান শুরু করে পুলিশ। গ্রেফতার এড়াতে তিনি ছাত্রলীগ নেতা সোহেল রানার বাড়িতে আশ্রয় নেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের নিজস্ব চেম্বারে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো চেম্বারে রোগী দেখছিলেন ডা. সুরঞ্জিত দাস। এ সময় মো. বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে সেখানে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন চিকিৎসক। বিষয়টি বেলায়েত হোসেন খান তার ছেলে ইমরান খান সালামকে জানান।

কিছুক্ষণ পর ইমরান খান ৩-৪ জন সহযোগীকে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন। তারা চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ, গালাগাল ও মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন চিকিৎসক।

ডা. সুরঞ্জিত দাস সাংবাদিকদের জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম চেম্বারে প্রবেশ করে তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম বলেন, হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবুল হোসেন খানকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এ ঘটনার পর চিকিৎসকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তারা সাময়িকভাবে রোগী দেখা বন্ধ রাখেন। পরে অবশ্য জরুরি বিভাগে চিকিৎসাসেবা চালু রাখা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত সালামকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর