বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে হামলা, ৩ ডিবি সদস্য আহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৩ এএম

শেয়ার করুন:

কুষ্টিয়া সরকারি কলেজে মাদকবিরোধী অভিযানে হামলা, ৩ ডিবি সদস্য আহত

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। মাদক কারবারিদের হামলায় দুই উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসের লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই মো. জনি, এসআই জিহাদ আলী ও কনস্টেবল ইমরান হোসেন। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে নিয়মিত মাদকবিরোধী অভিযান চালাতে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করেন তারা।

এই খবর ছড়িয়ে পড়লে ওই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। হামলা ও ধস্তাধস্তিতে ডিবি পুলিশের তিন সদস্য আহত হন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিস্তারিত পরে জানানো হবে। তবে হামলায় কারা জড়িত, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর