জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। ১৫৩ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শাহ ওয়ালী উল্লাহ মানিককে। সদস্যসচিব হয়েছেন মোহাম্মদ সুজা উদ্দিন সজীব।
সোমবার রাতে (৯ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মনসুর ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন মুহাইমিনুল তাজিম। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আবদুল্লাহ আল জোবায়ের ও জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আবদুল আজিজ, প্রচার ও মিডিয়া সম্পাদক মিরাজ হোসেন এবং অর্থ সম্পাদক হয়েছেন মোসলেহ উদ্দিন মাহাদী। জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে আবু সাঈদ অনি ও আবদুল হালিমকে। কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও সহসম্পাদকীয় পদে আরও নেতাদের পাশাপাশি সদস্য হিসেবে অনেকে স্থান পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১৪ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ফেনী জেলা শাখার ৯ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছিল। সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে ওই কমিটিকে এবার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে ফেনী জেলায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতারা।
প্রতিনিধি/এজে




