মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রবাসীদের অর্থায়নে আলোকিত হলো আস্ত গ্রাম

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

প্রবাসীদের অর্থায়নে আলোকিত হলো আস্ত গ্রাম

সন্ধ্যা নামলেই গাঢ় অন্ধকারে হারিয়ে যেত রাস্তাঘাট। নিরাপত্তা নিয়ে সবসময় এক ধরনের আতঙ্ক কাজ করত এলাকাবাসীর মনে। তবে সেই দিন এখন অতীত। মাদারীপুর জেলার লোহারপোল সংলগ্ন চন্ডিবর্দি গ্রামের প্রায় এক কিলোমিটার দীর্ঘ রাস্তা এখন সোলার স্ট্রিট লাইটের আলোয় ঝলমলে। কোনো বিদ্যুৎ খরচ ছাড়াই বছরের পর বছর স্বয়ংক্রিয়ভাবে আলো ছড়াবে এই আধুনিক বাতিগুলো। এর ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের নিরাপত্তাঝুঁকি দূর হওয়ার পাশাপাশি ফিরে এসেছে অভূতপূর্ব স্বস্তি।

প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এই গ্রামে কর্মক্ষম পুরুষের সংখ্যা বেশ কম। ফলে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানদের নিরাপত্তা নিয়ে সবসময় উৎকণ্ঠায় থাকতেন প্রবাসীরা। বিশেষ করে গত কয়েক বছরে ঘটে যাওয়া কিছু চুরির ঘটনা এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছিল। এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে স্থানীয়দের আহ্বানে সাড়া দেন প্রবাসী ও দেশে অবস্থানরত চাকুরিজীবী যুবকেরা। সবার সম্মিলিত অনুদানে বাস্তবায়িত হয় প্রায় ৬ লাখ টাকার এই জনকল্যাণমূলক প্রজেক্ট।

প্রজেক্টের অন্যতম সংগঠক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা জিহাদুল ইসলাম জুয়েল (৩২) ঢাকা মেইলকে জানান, আমাদের মূল লক্ষ্য ছিল পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা। তাই প্রজেক্টের লাইট, সোলার প্যানেল ও ক্যামেরা—প্রতিটি জিনিসের সর্বোচ্চ গুণগত মান যাচাই করেই অত্যাধুনিক প্রযুক্তি নির্বাচন করা হয়েছে।

madaripur_1

আরেক প্রবাসী সংগঠক দোহা কাজী (৩৬) আনন্দ প্রকাশ করে বলেন, আমরা দূর প্রবাসে বসেই সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা মনিটর করতে পারব—এটি আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। নানা জটিলতা পেরিয়ে আমরা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।

গত ৮ নভেম্বর ২০২৬, সকাল ৯টায় সর্বসাধারণের উপস্থিতিতে এক দোয়া মাহফিলের মাধ্যমে এই আলোর যাত্রা শুরু হয়।

জানা যায়, আনুমানিক ৬০ মিটার অন্তর অন্তর মোট ১৭টি ৩০ ওয়াটের সোলার লাইট স্থাপন করা হয়েছে। এই বাতিগুলোর বিশেষত্ব হলো—সূর্যাস্ত হলেই এগুলো স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে এবং সারা রাত পুরো এলাকা আলোকিত রাখার পর সূর্যোদয়ের সাথে সাথে নিভে যায়। লাইটের পাশাপাশি পুরো এলাকায় সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। এই আলো ঝলমলে রাস্তা দেখতে এখন দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসছেন।

পাঁচ দশকের ব্যবধানে এই অঞ্চলের আমূল পরিবর্তন দেখেছেন এলাকার ৮৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল জলীল। পুরোনো মেঠো পথের স্মৃতিচারণ করে তিনি ঢাকা মেইলকে জানান, আধুনিক প্রযুক্তির আশীর্বাদ এই সৌরবিদ্যুৎচালিত লাইট। ভবিষ্যতে হয়তো এর পরিধি আরও বাড়বে, তবে এখন যা দেখছি তা একসময় আমাদের কল্পনারও বাইরে ছিল।

প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনকারী আবুল কালাম খলিফা গর্বের সুরে বলেন, আমাদের যুবকদের এই উদ্যোগে আমরা আনন্দিত ও গর্বিত। এই আলোর সম্পদ রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার।

সরেজমিনে দেখা যায়, সরকারি অর্থায়নে গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে কিছু সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তার অধিকাংশই অকেজো হয়ে পড়ে আছে। তাই এলাকাবাসী বিদ্যমান সরকারি লাইটগুলো দ্রুত মেরামত করার পাশাপাশি চাহিদামূখী নতুন লাইট স্থাপনের জোর দাবি জানিয়েছেন।

প্রবাসীদের এমন মহৎ উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও ইতিবাচক পরিবর্তন আনতে প্রেরণা জোগাবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর