মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ
বিএনপি নেতাকে শোকজ। ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে পুলিশের হাতে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ভূমিকা রাখার অভিযোগ উঠেছে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টারের বিরুদ্ধে। এ ঘটনায় তার কাছে ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম ঝিনাইগাতী উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি ওই ইউনিয়নের একজন ইউপি সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়েও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

ঝিনাইগাতী উপজেলা বিএনপির দলীয় প্যাডে দেওয়া নোটিশে বলা হয়েছে, গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সূত্রে জানা যায়, নাশকতায় জড়িত থাকার অভিযোগে ঝিনাইগাতী থানা পুলিশ জাহাঙ্গীর আলমকে আটক করে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশে আরও অভিযোগ করা হয়, জাহাঙ্গীর আলম আটকের পর ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টার দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে তাঁকে থানা থেকে ছাড়িয়ে নেন। এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী উল্লেখ করে তাঁর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান বলেন, বিষয়টি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যাচাই করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গোলাপ হোসেন মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে স্বাক্ষর করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান।

এদিকে, বিএনপির দেওয়া কারণ দর্শানোর নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঝিনাইগাতীর স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর