মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে পুরাতন ৫ নম্বর ভবনের সামনে কলেজের স্বাভাবিক কার্যক্রম চলাকালে বস্তুটি নজরে আসে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর। তিনি জানান, একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে বাকিটা বলতে পারব।
কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ বলেন, কলেজে কোনো ধরনের বড় সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন বলেন, একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখা গেছে। এটি বোমা কি না, তা আমরা নিশ্চিত নই।
তিনি আরও জানান, কলেজে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এমন বস্তু পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।
প্রতিনিধি/এএইচ



