খুলনায় ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা এক্সপ্রেসে একটি বগি এবং বটিয়াঘাটায় বিএনপির কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পৃথক এ দুটি ঘটনা ঘটে। এতে ট্রেনের বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেলওয়ে পুলিশ জানায়, সোমবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা এক্সপ্রেস খুলনা স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেট এলাকায় একটি বগিতে আগুন দেখতে পান সংশ্লিষ্টরা। ট্রেনের এস-৫২২৫ নম্বর বগিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে ট্রেনের একটি বগিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকজন ও পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো হয়।
এদিকে মঙ্গলবার ভোরে বটিয়াঘাটা উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দারোগার ভিটার সামনে বিএনপির কার্যালয়ের ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে করে দুই যুবক বিএনপির কার্যালয়ের সামনে আসে। কিছুক্ষণ অবস্থানের পর তারা কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাদের মুখে মাস্ক থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, দুই যুবক কার্যালয়ের সামনে থাকা ব্যানারে আগুন দিয়ে চলে যায়। এ ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
প্রতিনিধি/এএইচ



