গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, সেবাপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দুপুরের খাবারের অজুহাতে দীর্ঘ সময় সেবা কার্যক্রম বন্ধ রাখা এবং উপপরিচালকের সময়মতো অফিসে উপস্থিত না হওয়ার অভিযোগে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে দুদকের বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়। এ সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। পাশাপাশি বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন তাঁরা।
অভিযান চলাকালে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক তাঁদের ভোগান্তির কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ, পাসপোর্ট করতে গিয়ে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন কয়েকজন। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগও করেন তাঁরা।
সেবাপ্রার্থীরা আরও অভিযোগ করেন, দুপুরের খাবারের অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূর-দূরান্ত থেকে আসা গ্রাহকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকও সময়মতো অফিসে উপস্থিত হন না বলে অভিযোগ রয়েছে।
এদিকে দুদকের অভিযানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
অভিযান শেষে সাংবাদিকদের দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার বলেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানে সংগ্রহ করা তথ্য ও নথিপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পর্যালোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও তিনি কার্যক্রম পরিচালনা করে আসছেন। তাঁর দাবি, এ অফিসে কোনো ধরনের অনিয়মের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ নেই। অফিসের বাইরে কেউ এ ধরনের অপকর্মে জড়িত থাকলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। তবে অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এআর




