মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন, আটক ৬

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে গভীর রাতে বিএনপির কার্যালয়ে আগুন, আটক ৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে আগুনে পুড়েছে বিএনপির একটি কার্যালয়। এ ঘটনায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। 

বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর বড়পিলাক ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ে আগুন দেখতে পেয়ে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে গুইমারা থানা পুলিশ ও মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে যায়।

দলীয় কার্যালয়ে আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ ইউনিয়ন বিএনপির নেতারা। পরে তাদের নেতৃত্বে বড়পিলাক এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।

এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, ১০ নভেম্বরের ধর্মঘটকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয়জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর