মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৮ কারখানায় ছুটি ঘোষণা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৮ কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হয়। এ সময় শ্রমিকেরা কর্মস্থলে যোগ দেন। তবে কোনাবাড়ী এলাকার রিপন নিটওয়্যার লিমিটেড এবং কাশিমপুর এলাকার মণ্ডল গ্রুপের শ্রমিকেরা বিক্ষিপ্তভাবে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে ইসলামপুর এলাকার নর্প ইন্ডাস্ট্রির শ্রমিকেরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। এ সময় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় গিয়ে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পাশাপাশি আশপাশের কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা।

94918454-d0c2-470a-8fef-2535a06fde9b

এ পরিস্থিতিতে আশপাশের কারখানার শ্রমিকেরা জড়ো হতে শুরু করলে নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকার ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাড়ি ফিরে গেলেও কিছু শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকেন। তাঁরা নাওজোড় থেকে মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে অবস্থান নেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আশিক সাঈদ বলেন, সকাল থেকে গাজীপুর শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক ছিল। তবে শ্রমিক বিক্ষোভের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ ও থানা-পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর