রংপুর নগরীর বিএনসিসি ক্যাডেট মোড়সহ বিভিন্ন এলাকায় ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে নগরীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে মহানগর যুবদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে যুবদলের নেতাকর্মীদের সক্রিয় অবস্থানে দেখা যায়।
এর আগে, সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় ককটেলসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের মিঠাপুকুর বাসস্ট্যান্ডের ওভারপাস থেকে পরপর কয়েকটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে উদ্ধার করা পাঁচটি বস্তুর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছিল। বাকি চারটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত বস্তুগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, রাত ১০টার দিকে রাস্তা থেকে ককটেলসদৃশ পাঁচটি বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো জর্দার কৌটায় টেপ দিয়ে মোড়ানো ছিল। কারা এগুলো নিক্ষেপ করেছে, তা শনাক্ত করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা প্রতিরোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর নগরীর ছয়টি থানাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে মহানগর যুবদল।
মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন ও যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
প্রতিনিধি/এসএস




