চাঁদপুরের মতলব উত্তরে আগুনে পুড়ে কৃষক হযরত আলী শিকদারের একটি দোচালা ঘর ও গোয়ালঘর ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গাভি পুড়ে মারা যায়। আগুনে ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো মানুষ হতাহত হয়নি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার (৫৩) ওই গ্রামের সিরাজুল ইসলাম শিকদারের ছেলে। তাঁর দাবি, আগুনে ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার মধ্যরাতে হঠাৎ হযরত আলী শিকদারের জ্বালানি কাঠ রাখার দোচালা ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি ঘর ও ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। প্রাণ হারায় গোয়ালঘরে থাকা দুটি গাভি।

আগুন নিয়ন্ত্রণে স্থানীয়দের সঙ্গে অংশ নেওয়া জুয়েল রানা জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তখন আগুন অনেকটা ছড়িয়ে পড়েছিল। স্থানীয়রা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত কৃষক হযরত আলী শিকদার বলেন, আগুনে তার দোচালা ঘর, গোয়ালঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। গোয়ালঘরে থাকা দুটি গর্ভবতী গাভিও রক্ষা করতে পারেননি। এ ঘটনায় পরিবার-পরিজন নিয়ে তিনি চরম অনিশ্চয়তায় পড়েছেন।

মতলব উত্তর ফায়ার স্টেশনের লিডার মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোয়ালঘরের পাশের দোচালা ঘরে জ্বালানি কাঠ রাখা ছিল। আগুনে ওই ঘরসহ দুটি গবাদি পশু পুড়ে গেছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।
প্রতিনিধি/এসএস




