নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট ও শ্বাসনালির সমস্যায় আক্রান্ত হয়েছে তারা। এ ছাড়া ছয় শিক্ষার্থী দগ্ধ হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং একজনকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের দিকে ফতুল্লার সাইনবোর্ড-ভুঁইঘর এলাকার শান্তিধারায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদরাসার ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে রাত ২টা ৫ মিনিটে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত ৩টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
অগ্নিকাণ্ডে মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত প্রায় চার হাজার বর্গফুটের লাইব্রেরি ও অফিসকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী, এ ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। তবে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, দগ্ধ শিক্ষার্থীদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
চিকিৎসক আরও জানান, রাতে মাদরাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুহূর্তের মধ্যেই ভবনের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। হুড়োহুড়ি করে বের হতে গিয়ে এবং ধোঁয়ার মধ্যে আটকা পড়ে অনেক শিক্ষার্থী শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়। পরে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
প্রতিনিধি/এসএস




