বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এ পাড়ায় আগুন লাগে। স্থানীয় বাসিন্দাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাই ম্রা চিং মারমা নামে এক ব্যক্তি নিজের ঘরের চুলায় তরকারি রান্না করতে দিয়ে পাশের একটি বাড়িতে টেলিভিশনে নাটক দেখতে যান। এ সময় চুলায় রান্না বসানোর কথা ভুলে যান তিনি। ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৬টি বসতঘর ও দুটি দোকান পুড়ে যায়।
তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনু মং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি ঘর ও দুটি দোকান পুড়ে যাওয়ার খবর পেয়েছেন তিনি। ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার এ্যানি বড়ুয়া জানান, রাত সোয়া ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে বড়ইতলী পাড়ায় আগুন লাগার খবর আসে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। অন্যদিকে, বান্দরবান সদর থেকে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার হওয়ায় বিষয়টি বান্দরবান সদর ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হাসান ঢাকা মেইলকে বলেন, রাত ১১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়। সেখানে পৌঁছাতে হলে সড়ক থেকে প্রায় ২০০ ফুট নিচে ঢালু পথ পেরিয়ে সাঙ্গু নদী অতিক্রম করতে হয়। কিন্তু নদীতে বড় নৌকা না থাকায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন পার করা সম্ভব হয়নি। ফলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করা যায়নি। মূলত দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সময়মতো সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
প্রতিনিধি/এসএস




