মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ঢাকা

দুই দিন ধরে ১৫ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, বইছে হিমেল বাতাস

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

দুই দিন ধরে ১৫ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, বইছে হিমেল বাতাস

হিমালয়ের পাদদেশে অবস্থিত উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। টানা দুই দিন ধরে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের হালকা কুয়াশায় শীতের অনুভূতি বাড়ছে। বিশেষ করে দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে সন্ধ্যা ও ভোরে শীত বেশি অনুভূত হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সকালে এলাকায় ঘন কুয়াশা দেখা না গেলেও ভোরের দিকে হালকা কুয়াশা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে হিমেল বাতাসের কারণে সকালজুড়েই শীতের অনুভূতি ছিল বেশি।

অন্যদিকে, এর আগের দিন সোমবার তেঁতুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার বড় ব্যবধানের কারণে দিনের বেলায় গরম এবং ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়ার এমন বৈপরীত্যে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠছে।

স্থানীয় মমিনপাড়া এলাকার কৃষক আসাদুল ইসলাম বলেন, আজ সকালে ঘন কুয়াশা ছিল না, তবে হালকা কুয়াশা পড়েছিল। সকালেই সূর্যের দেখা মিলেছে। কিন্তু রোদ উঠলেও শীতের তীব্রতা কমেনি। বরং বাতাসে ঠান্ডা আরও বেশি অনুভূত হয়েছে।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত দুই দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি ভৌগোলিক অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর