ঝালকাঠির নলছিটিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা ব্রিজের ওপর অভিযান চালিয়ে মোহাম্মদ সাব্বির হোসেন (২৯) নামে একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাব্বির নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি গ্রামের হেমায়েত উদ্দিন হাওলাদারের ছেলে।

অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে একই এলাকার টাক বাজারে মাহাতাব খানের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন খুলনার কোতোয়ালি থানার দারোগাপাড়া এলাকার মো. সুমন হাওলাদার (২৪), বরিশালের মুলাদী উপজেলার উত্তর পাথরচর এলাকার মো. মজিদ উদ্দিন ব্যাপারী (৩২) এবং শেরপুরের নকলা উপজেলার খারজান এলাকার মো. আকাশ মীর (২২)। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




