মানিকগঞ্জে নয়টি ককটেল বিস্ফোরণের পর সদর বাসস্ট্যান্ডে পার্কিং করা স্বাধীনতা পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাসে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের নবীন সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসস্ট্যান্ড এলাকায় রাতে খাবার খাওয়ার জন্য বাসটি পার্কিং করে চালক মোজাফর ও হেলপার রুবেল হোটেলে যান। এসময় একটি মোটরসাইকেলে দুইজন লোক পেট্রোল ঢেলে বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটি প্রায় পুড়ে যায়।
ওসি মো. মনির হোসেন বলেন, বাসে আগুন লাগানো সঙ্গে যারা জড়িত তাদের চিহিৃত করে গ্রেফতারে চেষ্টা চলছে।
এর আগে (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসস্ট্যান্ড এলাকাসহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন জায়গাই নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতে সদর থানার পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহজনক ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।




