লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা। একইভাবে রামগঞ্জ মডেল কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সোমবার (৯ নভেম্বর) রাতে এসব ঘটনার খণ্ড খণ্ড ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া রামগতি উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলানোর ভিডিও ছড়িয়ে পড়েছে। তালার ওপর সাদা কাগজে লেখা ‘সর্বাত্মক ধর্মঘট, স্বার্থক হোক’।
এরমধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজসহ বেশ কয়েকজন নেতার ফেসবুক পেইজে ভিডিওগুলো দেখা যায়। এ ছাড়া তারা হোয়াটসঅ্যাপেও ভিডিওগুলো ছড়িয়ে দিয়েছে।
ধারণা করা হচ্ছে, সোমবার ভোরে লক্ষ্মীপুর সরকারি কলেজের মূল ফটকে ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে আমরা সাধারণ শিক্ষার্থীরা পূর্ণ সমর্থন জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করলাম’ লেখা সংবলিত ব্যানার টানিয়ে ও শিকল দিয়ে দুটি ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাটির ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে হেলমেট পরিহিত একজনকে দেখা গেলেও তাকে চেনা যায়নি।
এদিকে রামগঞ্জ মডেল কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে কাউকে দেখা যায়নি। তবে কখন এই ঘটনা ঘটানো হয়েছে; আশপাশের লোকজন বলতে পারেনি। ধারণা করা হচ্ছে গতকাল রাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও ধারণ করে রেখেছে। সেই ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি বলেন, সরকারি কলেজের ফটকে কে বা কারা তালা ও ব্যানার লাগিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণসহ আইনগত ব্যবস্থা নিতে অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি। কলেজ ছাত্রদলকেও ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের বিক্ষিপ্ত ঘটনাগুলো প্রতিহত করতে প্রত্যেক ইউনিটকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আমরা মাঠে রয়েছি।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউছুফ বলেন, কে বা কারা গেটে তালা ও ব্যানার লাগিয়েছে, আমরা কাউকে দেখিনি। আর দিনের বেলায় তালা বা ব্যানার ছিল না। আমাদের পাঠদানসহ সব কার্যক্রম সঠিকভাবেই পরিচালিত হয়েছে।
প্রতিনিধি/এফএ




