নড়াইলের লোহাগড়া উপজেলায় মাদকাসক্ত ছেলের বটির কোপে নিহত কৃষক আফসার শেখকে (৬৫) হত্যার ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। এই মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) এখনো পলাতক রয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে হত্যা মামলার এজাহারনামীয় আসামি খায়রুলের মা আনোয়ারা বেগম (৫২) ও স্ত্রী জুঁই বেগমকে (২০) গ্রেফতার করা হয়।
এর আগে, গত শনিবার (৭ নভেম্বর) রাতে নিহতের বড় ছেলে মো. শামিম শেখ তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় এ হত্যা মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে খায়রুল শেখ ধারালো বটি দিয়ে তার বাবা আফসার শেখকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আফসার শেখের চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। তবে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের ভাষ্য, অভিযুক্ত খায়রুল শেখ মাদকাসক্ত। বিভিন্ন সময়ে মাদক ক্রয়ের টাকার জন্য আফসার শেখকে মারধর করত খায়রুল। ঘটনার পরপরই হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে স্থানীয় জনতা খায়রুলের মা ও স্ত্রীকে আটকে রেখে পুলিশে দেয়। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারে নাম আসায় আজ (সোমবার) তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায় পুলিশ।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হত্যার ঘটনায় করা মামলায় দুই নারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি খায়রুল শেখ পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এলএ




