খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমার মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।
মোটরসাইকেল আরোহী নিরুপনকে চাপা দেওয়ার পর পিকআপ চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাইকাররা গাড়িটিকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু বলেন, মোটরসাইকেল আরোহী নিরুপন চাকমা দীঘিনালা থেকে খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিলেন। পিকআপটি খাগড়াছড়ি থেকে দীঘিনালায় যাচ্ছিল। পথে কৃষি গবেষণা এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নিরুপন চাকমা ঘটনাস্থলে মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আটকের পর গাড়ি ও চালক আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে। নিহতের মরদেহ খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে রয়েছে।
এএইচ




