ক্লিনিক্যাল প্রাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় বরিশাল ডিডাব্লিউএফ নার্সিং কলেজের এক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে সোমবার দুপুরে নগরীর সিএন্ডবি রোডে কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্লিনিক্যাল প্রাকটিসের খরচের কথা বলে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকা আদায় করে কলেজ কর্তৃপক্ষ। ওই টাকা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে দিতে হবে বলে জানানো হয়েছিল।
এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গত ২৩ এপ্রিল তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে টাকা নেওয়ার বিষয়ে জানতে চান। তখন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তারা জানতে পারেন, প্রশিক্ষণের জন্য হাসপাতাল পরিচালক কোনো টাকা নেন না। পরে শিক্ষার্থীদের চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ টাকা ফেরত দেয়।
এ ঘটনায় ১৭ মে তদন্ত শুরু করে বরিশাল জজ আদালত। পরে ৫ অক্টোবর বরিশাল জেলা ও দায়রা জজ আদালত স্বপ্রণোদিত হয়ে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক জহিরুল ইসলাম, অধ্যক্ষ মমতাজ বেগম ও প্রশাসনিক কর্মকর্তা ফারজানা আক্তার টুম্পার বিরুদ্ধে মামলা করেন।
শিক্ষার্থীদের দাবি, এ ঘটনার জের ধরে রোববার আন্দোলনে নেতৃত্ব দেওয়া, উসকানি, অসদাচরণ ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে অন্তু বিশ্বাসকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বক্তব্য জানতে ডিডাব্লিউএফ নার্সিং কলেজের পরিচালক, অধ্যক্ষ ও প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
প্রতিনিধি/এএইচ



