নীলফামারীতে ছেড়ে দেওয়া ট্রেন থেকে ছিনতাই হওয়া মোবাইল ছিনতাইকারীদের কাছ থেকে ফেরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মো. রাজ্জাক নামে এক প্রধান শিক্ষক।
সোমবার (৯ নভেম্বর) সকালে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চিলাহাটির উদ্দেশে যাচ্ছিলেন রাজ্জাক। পথে ট্রেনটি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করলে তিনি জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী জানালা দিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর ছিনতাইকারীদের পিছু নিতে ট্রেন থেকে নেমে পড়েন রাজ্জাক। এরই মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে চলতে শুরু করলে তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানা ওসি জুলফিকার আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।




