সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ আজ

উপজেলা প্রতিনিধি, শার্শা 
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

শেয়ার করুন:

বেনাপোল দিয়ে আমদানি-রফতানি বন্ধ আজ

শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষ্যে এক দিনের জন্য বন্ধ রয়েছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও ভারতের পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম এবং দুই দেশের মধ্যে আন্তর্জাতিক পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষ্যে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে ভারত থেকে আসা যে-সব ট্রাক পণ্য খালাস করেছে, সেগুলো নিজ দেশে ফিরে যাওয়ার সুবিধার্থে চেকপোস্ট, কার্গো শাখা খোলা রাখা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষ্যে আজ ভারত অংশের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। তবে বন্দরের অভ্যন্তরীণ পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম চালু রয়েছে।

অন্যদিকে ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দীপাবলি উপলক্ষ্যে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি আগেই চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।

উল্লেখ্য, বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য আমদানি-রফতানি হয়ে থাকে। দুই দেশের বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে এক দিনের বিরতির পর মঙ্গলবার থেকে আবারও স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর