সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৭

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ১২:২১ পিএম

শেয়ার করুন:

হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৭

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতার হওয়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় ৪১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলাটি করে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। তবে তাঁকে গ্রেফতারের পর স্বজন ও স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা ও শহিদুল ইসলাম (২৮)।

এদিকে ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর