সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

শেয়ার করুন:

ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য

কয়েক দিনের বিরতির পর আবারও পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখে দেখা মিলছে হিমালয়ের বরফঢাকা বিশ্ববিখ্যাত পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। ভোরের প্রথম আলোয় সাদা বরফে মোড়ানো পাহাড়ের চূড়ায় সূর্যের সোনালি আভা, কখনো গোলাপি, কখনো লালচে আবার কখনো শুভ্র সাদা রঙের অপূর্ব দৃশ্য মুগ্ধ করছে প্রকৃতিপ্রেমীদের। কাঞ্চনজঙ্ঘার এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় ছুটে আসছেন পর্যটকরা।

tetuliya_1

দার্জিলিংয়ের টাইগার হিলে না গিয়েও পাসপোর্ট-ভিসা ছাড়াই বাংলাদেশের মাটি থেকে হিমালয়ের এই অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ পাচ্ছেন ভ্রমণপিপাসুরা। বিশেষ করে তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদীর তীর ও আশপাশের উঁচু স্থান থেকে স্পষ্ট দেখা মিলছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির।

বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার বা ২৮ হাজার ১৬৯ ফুট। ভারতের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত এই পর্বতশৃঙ্গ বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে। আকাশ মেঘমুক্ত ও কুয়াশামুক্ত থাকলে শীতের শুরুতে তেঁতুলিয়ার বিভিন্ন স্থান থেকে খালি চোখেই দেখা যায় বরফে মোড়ানো এই পর্বতমালা।

tetuliya_3

তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভোরের আলো ফুটতেই কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়াগুলো প্রথমে সাদা রঙে ঝলমল করে ওঠে। সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে সেই শুভ্র চূড়ায় দেখা দেয় গোলাপি ও লালচে আভা। সময়ের পরিবর্তনে বদলে যায় পাহাড়ের রং ও সৌন্দর্য। বিকেলের শেষ আলোতেও কাঞ্চনজঙ্ঘা ধারণ করে ভিন্ন এক মায়াবী রূপ। তবে আবহাওয়া ও আকাশের স্বচ্ছতার ওপর নির্ভর করে এর দৃশ্যমানতা।

বিশেষ করে পঞ্চগড়ের অবস্থান হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় প্রকৃতি ও আবহাওয়ায় রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এ কারণে জেলাটিকে অনেকেই ‘হিমালয়কন্যা’ নামে অভিহিত করেন। আর সেই প্রকৃতির অন্যতম আকর্ষণ তেঁতুলিয়া। এখানে শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, সবুজ চা-বাগান, মহানন্দা নদীর কলতান, গ্রামীণ জনপদ ও সীমান্তের বৈচিত্র্যময় দৃশ্য পর্যটকদের বাড়তি আকর্ষণ জোগায়।

কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তেঁতুলিয়া ডাকবাংলো ও মহানন্দা নদীর তীর এলাকায় বাড়ছে মানুষের আনাগোনা। শিশু থেকে বৃদ্ধ-সব বয়সি মানুষের পদচারণায় মুখর হয়ে উঠছে পর্যটন এলাকাগুলো। কেউ মুঠোফোনে সেলফি তুলছেন, কেউ ক্যামেরায় ধারণ করছেন পাহাড়ের রঙিন দৃশ্য, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য।

tetuliya_2

স্থানীয়রা জানান,অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুকূল পরিবেশ তৈরি হয়। এ বছর নভেম্বরের শুরু থেকেই কয়েক দফায় স্পষ্ট দেখা মিলেছে হিমালয়ের এই বরফঢাকা পর্বতশৃঙ্গের। কয়েক দিনের বিরতির পর আবারও দৃশ্যমান হওয়ায় পর্যটকদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দার্জিলিংয়ের টাইগার হিল পরিচিত হলেও বাংলাদেশের মধ্যে তেঁতুলিয়ার মহানন্দা নদীর তীর থেকে এর অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সবচেয়ে উপযুক্ত।

ঢাকা থেকে আসা পর্যটক মোহাইমিন জানান, গত বছর কয়েক দিন অপেক্ষা করেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেননি। তবে এবার দৃশ্যটি উপভোগ করতে পেরে তিনি আনন্দিত। বিশেষ করে ভোরের সূর্যের আলোয় বরফঢাকা পাহাড়ের রং পরিবর্তনের দৃশ্য তাঁর কাছে জাদুকরী মনে হয়েছে।

পর্যটকদের আবাসনের জন্য তেঁতুলিয়ায় রয়েছে জেলা পরিষদের ডাকবাংলো, উপজেলা পরিষদের বেরং কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হোটেল ও রিসোর্ট। পাশাপাশি ডাকবাংলো ও মহানন্দা নদীসংলগ্ন পিকনিক কর্নার পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। কোনো ধরনের প্রবেশমূল্য ছাড়াই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগের সুযোগ থাকায় ভ্রমণপিপাসুদের আগ্রহও বাড়ছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন বলেন, কয়েক দিনের বিরতির পর আবারও তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে। পর্যটকদের আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রশাসন কাজ করছে।

তিনি আরও বলেন, তেঁতুলিয়ার পর্যটন খাতের উন্নয়ন এবং নতুন পর্যটনকেন্দ্র গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর