হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। হিমেল বাতাস আর ভোরের হালকা কুয়াশায় বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র। দিনের বেলায় রোদের কারণে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা নামতেই বাড়ছে ঠান্ডা। এর মধ্যে আরও কমেছে তাপমাত্রা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৫ ডিগ্রি কম। গতকাল রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা ভেদ করে চারদিকে ছড়িয়ে পড়ছে সূর্যের আলো। ভোর থেকেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়ছেন দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালকসহ কৃষকেরা। তবে সকালবেলা কাজে বের হওয়া মানুষের মধ্যে শীতের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।
ভ্যানচালক রবি ইসলাম বলেন, সকালে ভ্যান নিয়ে বের হলে এখন বেশ ঠান্ডা অনুভূত হয়। বিশেষ করে ভোরে চলাচলের সময় হিমেল বাতাস লাগে। তবে দিনের বেলায় রোদ উঠলে আবার গরম অনুভূত হয়।
চা শ্রমিক আবদুল খালেক বলেন, ভোরে চা-বাগানে কাজ করতে গেলে ঠান্ডা বেশি লাগে। আগে পাতলা কাপড় পরেই কাজে যাওয়া যেত, এখন সকালে গায়ে চাদর কিংবা গরম কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত কাঁথা ও চাদর গায়ে জড়িয়ে থাকতে হচ্ছে অনেককে।
হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে কিছুটা আগেই। অক্টোবরের শেষভাগ থেকেই শীতের আমেজ স্পষ্ট হতে শুরু করে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা আরও বাড়তে থাকে।
শীতের আগমনী বার্তার সঙ্গে বদলে যাচ্ছে স্থানীয় বাজারের চিত্রও। বিভিন্ন স্থানে বসতে শুরু করেছে মৌসুমি পিঠার দোকান। সন্ধ্যা নামতেই ভাপা, চিতই ও পাকান পিঠার আয়োজনে জমে উঠছে বাজার। শীতের আমেজ উপভোগ করতে পিঠার দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশিসহ বিভিন্ন শীতজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে। স্থানীয়দের ভাষ্য, শিশু ও বয়স্কদের অনেকে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতের কাছাকাছি অবস্থানের কারণে হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ সোমবার সকাল ৬ টায় তেঁতুলিয়ায় ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। এতে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়ছে।
প্রতিনিধি/এমআর




