নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ছাতরার খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে পৌর শহরের কামড়াবো এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক সেবক মন্ডল এবং লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় ঢাকা ছিল। খালটি পরিষ্কার করা হলে এখানে মাছ চাষের পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পরিবেশ সুন্দর হবে। সরকারি বরাদ্দের পাশাপাশি সকলের সম্মিলিত শ্রম ও প্রচেষ্টায় খালটি পরিষ্কার করতে হবে। তিনি এলাকাবাসীকে খালে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে বলেন, খালটি আমাদের সম্পদ, তাই এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এ ছাড়া তিনি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে আরও সহযোগিতার আশ্বাস দেন এবং সেখানে একটি মৎস্যজীবী সমিতি গঠনের কথা জানান।
অনুষ্ঠানে লোহাগড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসটি




