হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ মো. উজ্জ্বল মিয়া (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রোববার (৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-৯ সিপিসি-৩ শায়স্তাগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুরের শাহপুর বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উপজেলার কৃষ্ণপুর গ্রামের একটি পুকুরপাড়ে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার জন্য অবস্থান করছেন।
এই তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে একজনকে আটক করা হলেও অপরজন বস্তা ফেলে পালিয়ে যান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নিজের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর ও পালিয়ে যাওয়া ব্যক্তির ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া মাধবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মহধর আলীর ছেলে। এ ঘটনায় পলাতক আসামিসহ দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসটি




