সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নরসিংদীতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়ি জব্দ, আটক ২

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৬ এএম

শেয়ার করুন:

নরসিংদীতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়ি জব্দ, আটক ২
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে একটি অবৈধ বিড়ি কারখানায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। এ সময় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার কামরাবো বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার বাটি কানাইপুর এলাকার মৃত মনিন্দ্র দত্তের ছেলে নেপাল দত্ত (৬৯) এবং নরসিংদীর শিবপুরের কামরাবো এলাকার জমির উদ্দিনের ছেলে মো. রকিব (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিবপুরের কামরাবো এলাকার কয়েকটি বিড়ি কারখানায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি তৈরি করা হচ্ছিল। এর মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল। নেপাল বণিক নামের এক ব্যক্তির মাধ্যমে নকল ব্যান্ডরোল সরবরাহকারী একটি চক্র দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছে। এমন তথ্য পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনএসআই এবং নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল যৌথভাবে কামরাবো বাজারে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ৮৬৬ বান্ডিল নকল ব্যান্ডরোল জব্দ করা হয় (প্রতি বান্ডিলে ২,৫০০ পিস হিসেবে মোট ২১,৬৫,০০০ পিস), যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ৯০ হাজার পিস নকল বিড়ি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৩০০ টাকা।

শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান জানান, জব্দ করা নকল ব্যান্ডরোল ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর