বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে কুমিল্লার দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ও শোডাউন। জাতীয় সংসদের সংরক্ষিত ৩০৩ আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার পৌর সভার নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেবিদ্বার উপজেলা বিএনপির উদ্যোগে বিকালে নিউ মার্কেট চত্ত্বরে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত ৩০৩ আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম।
বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাইদুর রহমান লিটন ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক এমএ আউয়াল খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে আরেকটি সমাবেশ হয় দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। বিএনপির দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করে।
উপজেলা বিএনপির সমাবেশ শেষে একটি মিছিল উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী ও এএফএম তারেক মুন্সীর নেতৃত্বে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়। ওই সময় সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং অন্যান্য অতিথিরা উপজেলা চত্বর ছেড়ে চলে যাওয়ার পথে কালাচাঁন মার্কেটের সামনে উভয় পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়।
এ সময় রাশেদা বেগম হীরার গাড়িতে হাত দিয়ে আঘাত করে এবং আপত্তিকর স্লোগান দিতে থাকে একটি পক্ষ। এ সময় গাড়িবহরে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও তিতুমীর কলেজের সাবেক জিএস এমএ আউয়াল খানের গাড়ি ভাঙচুর করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মরিুজ্জামান বলেন, কুমিল্লা-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি রাশেদা বেগম হীরা প্রোগ্রাম শেষে চলে যাওয়ার সময় দুই পক্ষ মুখোমুখি হয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। এ সময় এমএ আউয়াল খানের গাড়ির গ্লাস ভাঙচুর হয়। আমরা তাৎক্ষণিক তাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




