খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে টুটপাড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় নূর আজিমের একান্ত সহযোগী সবুজের বাসা থেকে একটি করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) এবং রাসেল শেখ (২৫)।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া চক্রটির মূল হোতা নূর আজিম। তার নির্দেশে খুলনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও কোচিং সেন্টারে চাঁদাবাজির জন্য ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, গ্রেফতার হওয়া ব্যক্তিরা সম্প্রতি নগরীর সাউথ সেন্ট্রাল রোডে চয়নিকা ফার্মেসিতে চাঁদাবাজি এবং চাঁদাবাজির দাবিতে আকাশ কুন্ডুকে গুলি করার ঘটনায় জড়িত ছিল।
প্রতিনিধি/এএইচ



