রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম

শেয়ার করুন:

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং স্টেশন ও উত্তর হারবাং এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয় মাস বয়সী শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় নারী ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। 

রোববার (৮ নভেম্বর) দুপুরে মহাসড়কের হারবাং স্টেশন এবং উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। 

প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুর ১২টার দিকে হারবাং স্টেশনে। চকরিয়া থেকে একটি টমটমে করে উত্তর হারবাং যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমচালকসহ পাঁচজন গুরুতর আহত হন। 

পরে সেনাবাহিনীর একটি দল দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছয় মাস বয়সী শিশু আরহামকে মৃত ঘোষণা করেন। 

নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। এ দুর্ঘটনায় তার মা ফাহমিদা ইয়াসমিন লাকি (২৩), লাকির বড় বোন উর্মী আক্তার, বোরহানের তিন বছর বয়সী মেয়ে আরিশা জান্নাত এবং টমটমচালক জাফর আলম গুরুতর আহত হন। 

জাফর আলম হারবাংয়ের মহাজনপাড়া এলাকার বাসিন্দা। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই মহাসড়কের উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় আরেক দুর্ঘটনায় মাহবুবুর রহমান (৬২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে। 

নিহতের ছেলে আবদুল আজিজ জানান, তার বাবা সৌদি আরবপ্রবাসী। তিন মাস আগে তিনি দেশে ফিরেছেন। প্রতিদিনের মতো রোববার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। চকরিয়ায় এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে উত্তর হারবাং এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি। 

নিহতের ভাগিনা ইলিয়াস আরমান জানান, দুপুরে মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় উত্তর হারবাং পেট্রোল পাম্পের কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগতির যানবাহন তার মামার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বলে ধারণা করা হচ্ছে। 

তবে আশপাশে কেউ দুর্ঘটনাটি সরাসরি দেখতে না পাওয়ায় ঘাতক যানটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতি ও ওভারটেকিংয়ের প্রবণতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির পাশাপাশি বাড়ছে আহতের সংখ্যা। 

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ জাকিবুল ইসলাম দুই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, হারবাং স্টেশনে সেনাবাহিনীর একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে টমটমের সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হন। তাদের মধ্যে ছয় মাস বয়সী শিশুটি মারা যায়। অন্য আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, একই সময়ে উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় মহাসড়কের পাশে এক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান হাইওয়ে থানার এই কর্মকর্তা।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর