রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজাকে গ্রেফতার করেছে পুলিশ। চিংকিউ রোয়াজা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাঙামাটি কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি। এছাড়া রাঙামাটি সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে পুলিশ রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকায় অভিযান চালায়। এসময় নিজ বাসার সামনে থেকে চিংকিউ রোয়াজা ও ইসমাইল হোসেনকে গ্রেফতার করে।
রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রাঙামাটির কোর্ট পুলিশ সূত্র জানিয়েছে, রোববার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের ১ নম্বর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি ১৯৯৭ হতে ২০০২ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি রাঙামাটি হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন এবং জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ছিলেন।
প্রতিনিধি/এলএ




