‘করব সমবায়, গড়ব দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবায় পণ্য মেলা এবং শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
রোববার (৮ নভেম্বর) সকাল সোয়া ৯টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য সমবায় র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
পরে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে বাদ্যযন্ত্রের তালে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এরপর শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- জেলা সমবায় কর্মকর্তা হরেকৃষ্ণ বর্মণ।
সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন- বীরগঞ্জ উপজেলার ঝলঝলি বহুমুখী সমবায় সমিতির মো. আব্দুল আউয়াল এবং সেতাবগঞ্জ সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সাবিনা ইয়াসমিন।
আলোচনা সভা শেষে জেলার শ্রেষ্ঠ সাতটি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়। পরে জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এ ছাড়া শিশু একাডেমি চত্বরে দিনব্যাপী সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সমবায় সমিতির উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।
প্রতিনিধি/এলএ




