ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে তৃতীয় পক্ষ হিসেবে প্রভাব বিস্তার, উসকানি ও অর্থায়নের অভিযোগে সালাউদ্দিন আহমেদ সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সালাউদ্দিন আহমেদ সোহেল সাভার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ব্যাংক টাউন এলাকার মো. শাহাদাৎ হোসেনের ছেলে।
পুলিশের ভাষ্য, সম্প্রতি পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কাজে লাগিয়ে একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে সোহেল শ্রমিকদের উসকানি দিচ্ছিলেন। পাশাপাশি বিভিন্ন উপায়ে নাশকতাকারীদের অর্থায়নেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলাতেও সোহেল আসামি। এ ছাড়া মাদকের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্যও পেয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা সোহেলকে গ্রেফতার করা হয়েছে। পোশাকশিল্প খাতে অস্থিরতা সৃষ্টির ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এআর




