বান্দরবান জেলা শহরের কসাইপাড়া এলাকার একটি পাহাড়ি ঝিরি থেকে মো. শরীফ (৩৮) নামে স্থানীয় এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মেঘলা তালুকদার পাড়ার বাসিন্দা জহির আমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় কয়েকজন কাজে যাওয়ার পথে ঝিরির মধ্যে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
নিহত মো. শরীফ বান্দরবান পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন। স্থানীয়দের ধারণা, পাহাড়ি ঝিরিতে পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রতিনিধি/এএইচ



