৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ফেনীতে ১১টি সমবায় প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ।
রোববার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এর আগে দিবসটি উপলক্ষ্যে পতাকা উত্তোলন, সমবায় মেলার উদ্বোধন ও র্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানে যোগ দেন কর্মকর্তা ও সমবায়ীরা।
‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
জেলা সমবায় কর্মকর্তা মো. জহির আব্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, বিআরডিবির উপপরিচালক মো. জাকির হোসেন, ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পাটোয়ারী, আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সার্জেন্ট (অব.) মোহাম্মদ উল্লাহ, ঋণগ্রহীতা সদস্য হাছিনা আক্তার ও মহিপাল ফল আড়তদার সমিতির নির্বাহী সদস্য ছালেহ আহাম্মদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভুঁইয়া।
সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠান ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড, মহিপাল ফল আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, সেতুবন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, লালপোল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড তালতলী জগতপুর পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ফেয়ার শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড (সভাপতি মোহাম্মদ উল্যাহ), সময়ের বন্ধু সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, সোনাগাজী গোধুলী দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড (কোষাধ্যক্ষ ছাবের উদ্দীন খান), ফেমাস শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড (সম্পাদক মোঃ নজরুল ইসলাম)।
দিনব্যাপী সমবায় মেলায় স্টল ও প্রদর্শনী দেয় আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, বিআরডিবি কারুপল্লী, মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি, ইয়ারপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, নারী জাগরণ মহিলা সমবায় সমিতি এবং ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমবায় সমিতি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ঘরে ঘরে কৃষি ও অকৃষি উৎপাদনে মনোযোগী হতে হবে। অকার্যকর সমবায়গুলোকে নতুনভাবে জাগিয়ে তুলতে হবে এবং গড়ে তুলতে হবে নতুন নতুন সমবায় প্রতিষ্ঠান। উদ্যোগ, আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, স্বেচ্ছাসেবী ও সামাজিক ব্যক্তিদেরও ভূমিকা রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন।
প্রতিনিধি/ এজে




