নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মোবাইল ফোন না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে তানিয়া খানম (১৬) নামে এক দশম শ্রেণির স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।
রোববার (৮ নভেম্বর) সকালে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার নড়াগাতী থানার তেলিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের তফসির শেখের মেয়ে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশন শ্রেণির ছাত্রী ছিলেন।
স্বজন ও পুলিশ জানায়, শনিবার দুপুরে তানিয়া তার মায়ের ব্যবহৃত মোবাইল ফোনটি চালানোর জন্য চেয়েছিলেন। তবে তার মা ফোনটি না দিয়ে বাইরে কাজে যান। কাজ শেষে বিকেলে বাড়িতে ফিরে তানিয়ার ঘরের দরজা বন্ধ দেখেন। এরপর তাকে ডাকাডাকি করেও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের ডেকে ঘরের দরজা ভাঙেন। পরে তানিয়াকে ঘরের মধ্যে আড়ার সাথে ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.হোসেন আলী বলেন, মায়ের সাথে অভিমান করে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এজে




