রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম

শেয়ার করুন:

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জন আসামিকে গ্রেফতার এবং ২৫ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। এ সময় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানা পুলিশ এ কার্যক্রমে অংশ নেয়।

রোববার (৮ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জ থানায় ৮ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন এবং কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে হাইমচর থানায় একজন, ফরিদগঞ্জ থানায় ২ জন, মতলব উত্তর থানায় একজন এবং শাহরাস্তি থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হাইমচর ও ফরিদগঞ্জ থানা পুলিশ ২ পিস করে মোট ৪ পিস ইয়াবা এবং মতলব উত্তর ও শাহরাস্তি থানা পুলিশ যথাক্রমে ২০ ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ছাড়া কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, হাইমচর থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, মতলব দক্ষিণ থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন এবং কচুয়া থানায় ৫ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর