পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত(৩২) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি (উচ্চতর) ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর এলাকা থেকে স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ ও আরও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। পরে তারা একটি অভিজাত আবাসিক হোটেলে ওঠেন। শনিবার বিকেলে তারা উপজেলার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যার পর সেখান থেকে ইজিবাইকযোগে কুয়াকাটায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ইজিবাইকে থাকা নাবিলা নুসরাতের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিনিধি/এজে




