কুষ্টিয়ার দৌলতপুরে বসতবাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাই তোফাজ্জেল মালিথার দায়ের কোপে ছোট ভাই আতাউল মালিথা (৫৬) নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতাউল মালিথা ওই গ্রামের মৃত রাহাতুল্লাহ মালিথার ছোট ছেলে। তোফাজ্জেল মালিথা নিহতের বড় ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে আতাউলের বসতবাড়ির পেছনে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাই তোফাজ্জেল মালিথা দা দিয়ে ছোট ভাই আতাউলের মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা আতাউলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই গুরুতর আহত হন। পরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এএইচ




