শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিএসএফের হাতে আটক মনিরুলকে ফিরিয়ে আনার আকুতি পরিবারের

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা 
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

বিএসএফের হাতে আটক মনিরুলকে ফিরিয়ে আনার আকুতি পরিবারের
ছবির ইনসেটে নদীর পাড়ে দাঁড়িয়ে মনিরুল

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত মনিরুল ইসলামকে (৩৫) আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়ার পর তার বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

মনিরুলকে ভারতের একটি হাসপাতালে ভর্তি করার খবর সীমান্ত এলাকার একাধিক সূত্রে পাওয়া গেলেও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। স্বজনকে ফিরে পেতে প্রশাসন ও বিজিবির হস্তক্ষেপ চেয়েছে তার পরিবার। 

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর সীমান্তে এ ঘটনা ঘটে। আহত মনিরুল ইসলাম হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে। তিনি পেশায় কৃষিশ্রমিক বলে জানিয়েছেন তার স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মনিরুল ইসলামসহ সাতজন সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বিএসএফ সদস্যরা। এতে মনিরুলের ডান পায়ে গুলি লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যান। স্থানীয় একটি সূত্রের দাবি, তার পিঠের বিভিন্ন স্থানেও রাবার বুলেটের আঘাত লাগে। 

M

এদিকে সীমান্তে গুলির শব্দ এবং আহত মনিরুলকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তার বর্তমান অবস্থার খবর না পেয়ে উৎকণ্ঠায় রয়েছেন পরিবারের সদস্যরা। সীমান্ত এলাকার একাধিক সূত্রে তাকে ভারতের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করার তথ্য পাওয়া গেছে। তবে তার চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

মনিরুলের স্ত্রী রিমা খাতুন বলেন, শুক্রবার বিকেলে গ্রামের মাঠে খেলা দেখতে গিয়েছিলেন তার স্বামী। খেলা শেষে বাড়িতে ফিরে অসুস্থ বাবার জন্য বটতলার বাজারে খাবার কিনতে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। রাতে লোকমুখে জানতে পারেন, তাকে গুলি করে ধরে নিয়ে গেছে বিএসএফ। 

স্বামীকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে রিমা খাতুন বলেন, ‘আমার স্বামীকে আমি সুস্থ, জীবিত অবস্থায় ফেরত চাই।’ এ জন্য প্রশাসন ও বিজিবির হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু মিয়া জানান, সন্ধ্যার পরপরই সীমান্তের কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তিনি জানতে পারেন, মনিরুল ইসলামকে আহত অবস্থায় আটক করে নিয়ে গেছে বিএসএফ। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 

মহেশপুর-৫৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান জানান, সন্ধ্যায় সীমান্ত পিলার ৬১/১-এসের কাছে শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার পাশে গুলির শব্দ শোনা যায়। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছোড়েন ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা। 

তিনি আরও জানান, সীমান্ত ও জনসাধারণের নিরাপত্তায় মেদেনীপুর ক্যাম্পের বিজিবি টহল দল পাল্টা গুলি ছোড়ে। ঘটনার পর সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর