বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির জেলা ও মহানগর কমিটির আয়োজিত সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। এতে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্য আহত হন। তার নাক ফেটে রক্ত ঝরতে দেখা গেছে।
হামলার সময় একদল যুবককে ছোটাছুটি করতে দেখা যায়। এতে সমাবেশস্থলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহত আতিকুল ইসলাম রাব্বি বরিশাল মহানগরীর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য। তিনি সংসদ সদস্য সরোয়ারের অনুসারী হিসেবে পরিচিত।
রাব্বির অভিযোগ, সমাবেশ চলাকালে তিনি মঞ্চের কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন তরুণ অতর্কিতে তার ওপর হামলা চালান। হামলাকারীদের মধ্যে সোবাহান নামে একজন ছিলেন।
রাব্বি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে হামলাকারীরা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারী ছিলেন। তখন তারা চাঁদাবাজি করতেন। তার দোকানেও চাঁদা নিতে গিয়েছিলেন। এ নিয়ে তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্তদের একজন সোবাহানের বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘আমরা তখন মঞ্চে ছিলাম। ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’
প্রতিনিধি/এলএ




