মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গভীর রাতে পোশাক কারখানার শ্রমিক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ফকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে একটি পোশাক কারখানার শ্রমিক বহনকারী পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে একটি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কি কারণে বাসে আগুন দিয়েছে- তা এখনো জানা যায়নি।
তবে স্থানীয় অনেকে ধারনা করছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এলএ




