চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ঝুঁকিপূর্ণ ১ হাজার ৩০০ পিস ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ক্রিমগুলোর ওজন ৪০ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
শনিবার (৭ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সংস্থাটির কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে চট্টগ্রামগামী বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। একপর্যায়ে তার ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস ‘ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম’ পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ধরনের পণ্যের অবৈধ আমদানি ও বাজারজাতকরণ প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন পণ্যের অবৈধ আমদানি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমআর/এএইচ




