ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন।
শনিবার (৭ নভেম্বর) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং ঝালকাঠি সদর হাসপাতালে চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন কোনো রোগী ভর্তি হননি।
এদিকে একই সময়ে সদর হাসপাতাল থেকে আটজন, রাজাপুর থেকে ছয়জন এবং নলছিটি থেকে দুজন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৮৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৪০ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন, ঝালকাঠি সদর হাসপাতালে নয়জন, নলছিটিতে পাঁচজন এবং কাঁঠালিয়ায় দুজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
প্রতিনিধি/এলএ




