শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পিএম

শেয়ার করুন:

বরিশালে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩
কাউনিয়া থানা। ছবি: ঢাকা মেইল

বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধের জের ধরে কামরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর পূর্ব পুরানপাড়া বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগর পুলিশের কাউনিয়া থানার এসআই শহিদুল ইসলাম। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত কামরুল ইসলামের পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে তার সৎ মামাতো ভাই সুরুজ মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে নিজের জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে সুরুজ মিয়ার সঙ্গে কামরুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুরুজ, তার বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ হোসেন মিলে কামরুলকে মারধর করেন। পরে বাটালজাতীয় ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে কোপ দেওয়া হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কামরুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ আনোয়ার হোসেন, তার স্ত্রী খাদিজা বেগম ও ছেলে মিরাজ হোসেনকে আটক করেছে। সুরুজ পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর